৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের আহ্বান ৫ সংগঠনের

১৪ মে, ২০২০ ১৯:৩৩  
প্রযুক্তি খাতের যে কর্মীরা ইন্টারনেট সংযোগ, ডেলিভারি প্রদান কিংবা মাহমারিতে ভিডিও সভার মতো ঘরে বসেই অফিস, শিক্ষা চিকিৎসা ও বিনোদনের ব্যবস্থা করেছেন তাদেরকে করোনাযুদ্ধের প্রথম সারির যোদ্ধার স্বীকৃতি দিতে আহ্বান জানিয়েছেন তথ্যপ্রযুক্তি খাতের ৫ সংগঠনের নেতারা। লকডাউনের ক্ষতি পুষিয়ে ব্যবসায় টিকিয়ে রাখতে সরকারের কাছে ৫ হাজার কোটি টাকার তহিবল সহায়তা চেয়ে আসন্ন বাজেটে তথ্যপ্রযুক্তি খাতকে অগ্রাধিকার দিয়ে শুল্ক, ভ্যাট ও কর সুবিধা প্রস্তাব করেছেন তারা। একইসঙ্গে ইন্টারনেট সেবা ও ই-কমার্স খাতকে আইটিইএস খাত হিসেবে ঘোষণা করার জোরালো দাবি করা হয়েছে। ব্যবসায়ের মেধাসত্ব ভ্যালুকে আমলে নিয়ে ব্যাংকগুলো যেন আইটি কোম্পানিগুলোকে এক বছর পর থেকে ২ শতাংশ সরল সুদ ধরে জামানতবিহীন ঋণ সুবিধা দেয় সেই বিষয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন প্রযুক্তি খাতের নেতারা। সমন্বিত বাজেট প্রস্তাবনা নিয়ে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে অনুষ্ঠিত অনলাইন সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করা হয়। যৌথ এই সংবাদ সম্মেলনে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, বিসিএসএস সভাপতি শাহীদ উল মুনির, আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, বাক্ক সভাপতি ওয়াহিদ শরীফ নিজ নিজ সংগঠনের পক্ষে নিজেদের বাজেট প্রস্তাবনা তুলে ধরেন। প্রস্তাবনায় ইন্টারনেট সেবায় ৫% ভ্যালু চেইনের ক্ষেত্রে আইটিসি, আইআইজি ও এনটিটিএন খাতে ১৫% ভ্যাট প্রত্যাহার, নতুন প্রযুক্তির সঙ্গে হালনাগাদ ক্যাবল, রাউটার ও মডেম আমদানি শুল্ক সমন্বয়, ই-কমার্স খাতকে কর্পোরেট কর্পোরেট ট্যাক্স এবং ভ্যাট থেকে অন্তত আগামী ৩ বছরের জন্য অব্যাহতি প্রদান এবং ব্যাংক ঋণ ও জাতীয় রাজস্ব বোর্ডের জন্য ই-কমার্স এর একটি পৃথক সংজ্ঞায় সংজ্ঞায়িত করার জন্যও সরকারের  দৃষ্টি আকর্ষণ করা হয়। এছাড়াও  বাজেটে সকল মন্ত্রণালয় ও বিভাগ অগ্রাধিকার ভিত্তিতে সরকারের পরিকল্পনা মোতাবেক বিভিন্ন ই-গভর্ণেন্স প্রকল্প বাস্তবায়ন ও সকল প্রকার নাগরিক সেবা অনলাইনে প্রদানের মাধ্যমে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।